শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসুর শিবির নেতারা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষক হাসান মুহাম্মদ রোমান শুভকে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন চাকসু নেতারা। শিবিরসমর্থিত প্যানেলের আইন সম্পাদক ফজলে রাব্বি তাওহীদ ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে ছিলেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে এঘটনা ঘটে।
জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের দায়িত্বে ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভ। ক্যাম্পাসে তাঁর উপস্থিতির খবর পেয়ে একদল শিক্ষার্থীসহ চাকসু নেতারা আইন অনুষদে হানা দেন।
শিক্ষার্থীদের দাবি, রোমান শুভর ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনে ‘গণহত্যা’য় সমর্থন এবং ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলমান।
চাকসুর আইনবিষয়ক সম্পাদক শিবির নেতা ফজলে রাব্বি তাওহীদ বলেন, ‘জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে রোমান শুভর বিরুদ্ধে। আওয়ামী শাসনামলে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা করেন। আইন অনুষদের শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন মামলার একটি দৃষ্টান্ত তিনি উল্লেখ করেন।
