খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে: এ্যানি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর থেকে খাল খননের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। ফলে খাল খনন না হলে দখল হবেই। খালের ভেতরে শিল্প-কারখানা, বর্জ্য স্তূপ জমে আছে। কেমিক্যালও প্রবাহিত হচ্ছে। যেখানে পানি প্রবাহমান থাকার কথা, সেখানে ঘর-বাড়ি, দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক নাগরিক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খাল খনন কর্মসূচি এখনো খুব জনপ্রিয়। এর সঙ্গে বাস্তব জীবন, সামাজিক জীবন, পরিবেশ ও জলবায়ু জড়িত। পানি, নদী, খাল, মাছ, গাছপালা এবং ভূগর্ভস্থ পানির স্তর—সবকিছুর সঙ্গে এটি সম্পর্কিত।
মন্ত্রী বলেন, আমরা ইশতেহার অনুযায়ী খাল খনন কার্যক্রম শুরু করেছি। বিরোধী দল যদি সহযোগিতা করে, তাহলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা সম্ভব হবে। এটা একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি জাগরণ। এর সঙ্গে গ্রামীণ অর্থনীতি, কৃষি, মৎস্য, পরিবেশ, জলবায়ু ও কর্মসংস্থান জড়িত।
তিনি আরও বলেন, আগামী ৫০ বছর যদি খাল খনন অব্যাহত না রাখা হয়, তাহলে অনেক অঞ্চল পানির নিচে চলে যাবে। তাই খাল খননের মাধ্যমে একদিকে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা হবে, অন্যদিকে কৃষি, মৎস্য, পরিবেশ ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।
এ্যানি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বর্ষার পর যে মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হয়, তা মোকাবিলায় পদ্মা ব্যারেজ না হলে এসব অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এজন্য পদ্মা ব্যারেজের বাজেট একনেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী জুনে এটি পাস হবে। এটি বাস্তবায়িত হলে ৩৭ শতাংশ মানুষ উপকৃত হবে।
এ সময় তিনি ছাত্ররাজনীতির গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সচেতনভাবে রাজনীতিতে যুক্ত হলে খারাপ লোকদের প্রবেশের সুযোগ কমে যাবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি সুস্থ ছাত্ররাজনীতি থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির নামে যেসব অপরাজনীতি হয় এবং যেগুলো ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, সেগুলো বাদ দিয়ে প্রকৃত ছাত্ররাজনীতির ধারা বজায় রাখতে হবে। ৫ আগস্টের পর নৈতিকভাবে এ দায়িত্ব আমাদের ওপর এসেছে।
আমার বার্তা/এমই
