যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিম কিশোরগঞ্জ সদরের দিন ইসলামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকত। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ