ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা।

আজ বুধবার বিকাল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটি শোক জানিয়েছেন।

আবু হেনা রাসেল সব শেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কন্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।


আমার বার্তা/এমই