ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট ১২
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কদ্দুস (৪০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হৃদ্যন্ত্রের সমস্যাও ছিল।
