সম্পত্তির বিরোধে লন্ডনপ্রবাসী নারী ও তার পরিবার নিরাপত্তাহীনতায়
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ
সাগর আহমেদ

পারিবারিক সম্পত্তির বিরোধ, নিজের পছন্দে বিয়ে, জোরপূর্বক বিয়ের চাপ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে নিরাপত্তাহীনতায় রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাসিন্দা লন্ডনপ্রবাসী মোছা. লিজা আক্তার (৪৫) ও তার পরিবার। বর্তমানে তিনি স্বামী সৈয়দ কামরুল হাসান (৩৪) ও ছোট সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।
পরিবারের দাবি, লিজা আক্তার তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তাদের পরিবারের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ-সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরে কিছু আত্মীয় ওই সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, লিজা আক্তারকে আত্মীয়দের পরিবারের এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তাদের দাবি, এর পেছনে পারিবারিক সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য ছিল। তবে লিজা ওই প্রস্তাবে রাজি না হয়ে নিজের পছন্দে সৈয়দ কামরুল হাসানকে বিয়ে করেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে চাপ, হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২১ সালে লিজা আক্তার হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে তিনি স্বামীকে নিয়ে যুক্তরাজ্যে চলে যান।
পরিস্থিতি মীমাংসার উদ্দেশ্যে ২০২৫ সালের ২৮ মে স্বামী ও ছোট সন্তানকে নিয়ে বাংলাদেশে ফেরেন লিজা। প্রায় আড়াই মাস দেশে অবস্থানের সময় পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা করা হয় বলে দাবি পরিবারের। তবে তাদের অভিযোগ, এ সময় গাজীপুরে লিজা আবারও হামলার শিকার হন। একই সময়ে তাদের ছোট সন্তান অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। পরিস্থিতি নিরাপদ মনে না হওয়ায় শেষ পর্যন্ত তারা আবার যুক্তরাজ্যে ফিরে যান।
এদিকে বাংলাদেশে থাকা লিজা আক্তারের মা মোছা. রাহেলা বেগম (৪২) বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিরাপত্তার আশঙ্কায় তিনি নিজের বাড়িতেও নিয়মিত থাকতে পারছেন না। বিভিন্ন স্থানে অবস্থান করে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি।
লন্ডনপ্রবাসী লিজা আক্তার অভিযোগ করে বলেন, “আমরা প্রবাসে থেকেও দেশের আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। দেশে গেলে আমাদের জীবন বিপন্ন হতে পারে—এমন আশঙ্কা থেকেই আমরা দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে দেশে ফিরতে পারছি না।”
এ ঘটনায় লিজা আক্তারের মা মোছা. রাহেলা বেগম গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৮৮ এবং জিডি ট্র্যাকিং নম্বর 9HEE5U।
ভুক্তভোগী পরিবারের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক দায়ীদের আইনের আওতায় আনা এবং বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
