ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপন করা রুফটপ সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্থাপিত এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে মোট ৯৬২ কিলোওয়াট, অর্থাৎ প্রায় ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এ কার্যক্রম বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজীতে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে এসব সোলার সিস্টেম স্থাপন করা হয়। তিন উপজেলার মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (রিনিউএবল এনার্জি) মো. শাহিনুর রহমান মোল্লা বলেন, সরকারি ভবনের ছাদে সোলার স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন এটিই প্রথম। ফেনীর তিন উপজেলায় স্থাপিত প্রতিটি সোলার সিস্টেম বর্তমানে সচল রয়েছে।
তিনি জানান, প্রতিটি সাইটের বিদ্যুৎ উৎপাদনের তথ্য অনলাইনে তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডরুম থেকে পুরো কার্যক্রম সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।
মো. শাহিনুর রহমান মোল্লা আরও জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের জন্য ১৫ মেগাওয়াট ক্ষমতার একটি প্রকল্প নেওয়া হয়েছে।
সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগটি নেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানোর লক্ষ্যকে সামনে রেখে।
সোলার প্রোগ্রাম’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে সব সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে পরিপত্র ও বিজ্ঞপ্তি জারি করা হয়।
ফেনীর তিন উপজেলায় স্থাপিত প্রায় ১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সোলার সিস্টেম জাতীয় গ্রিডে যুক্ত হলে সরকারি স্থাপনাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
