দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৬:১৩ | অনলাইন সংস্করণ
শান্ত ইসলাম দিপু

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কামরাঙ্গীরচর থানা বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ বলেন, "জনগণের অধিকার হরণ করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সচেতন জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না।"
কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ নাঈম বলেন, "কামরাঙ্গীরচরের মাটি সন্ত্রাসের স্থান হতে পারে না। যেকোনো মূল্যে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।"
মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আওলাদ হোসেন বাশার, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, আফতাব উদ্দীন, নজরুল ইসলাম ও উসমান গনি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সাবেক যুবনেতা সাঈদ হোসেন মিন্টু এবং শফিউদ্দিন সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
