হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৭:৪১ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াস ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ফল পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দ প্রকাশ করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের ডে-শিফটের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল শিক্ষার্থীদের হাতে হাতে তুলে দেওয়া হয়।
ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রিন্সপাল ও কথাসাহিত্যিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা স্কুলেই জেনারেল শিক্ষার সাথে শিক্ষার্থীদের হিফজ ও এরাবিক পড়ানোর চেষ্টা করি। একসময় হবিগঞ্জে এটা স্বপ্ন ছিল-আল্লাহর মেহেরবানিতে এখন একই সঙ্গে আমাদের শিক্ষার্থীরা হিফজও পড়ছে আবার একাডেমিকও পড়ছে।
মাসউদুল কাদির বলেন, দেশের ইসলামী স্কুলগুলো একটি বড় আশির্বাদ। ইসলামবান্ধব পরিবেশে আপনার সন্তান যদি পড়াশোনা করে-দেখবেন একদিন ফল হবে সুমিষ্ট।
কুরআনিক স্কুলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সন্তানকে কুরআনের সঙ্গে যতটুকু সময় রাখতে পারবো ততটুকুই বরকতময়। আল্লাহ ও তাঁর রাসূলের শিক্ষা, নৈতিক দীক্ষা যারা সন্তানকে দিতে পারে না-তারাই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দেন। ফলে তাদেরই অবস্থান হয় বৃদ্ধাশ্রমে।
পরীক্ষার ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রউফ আশরাফ, মুফতি সামিল আহমদ ওসমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার প্রমুখ।
