
মানবিক উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে চলতি ২০২৬ সালে বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন মোট ৩২৩ জন আটক জেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন থেকে আরাকান আর্মির কাছ থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন বেশ কয়েকজন বাংলাদেশি জেলে। এ সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা অথবা কারাগারে রাখা হয়।
আটক জেলেদের পরিবার-পরিজনের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে তৎপরতা চালিয়ে আসছে বিজিবি। সংস্থাটির উদ্যোগ ও কার্যকর সমন্বয়ের ফলে পর্যায়ক্রমে আটক জেলেদের প্রত্যাবর্তনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ফিরিয়ে আনা ৪১ জেলের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের ফিরে পাওয়ার খবরে জেলেদের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
বিজিবি জানায়, আজ দেশে ফিরিয়ে আনা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’-এই ভিশন ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
আটক জেলেদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার এ উদ্যোগকে সীমান্তবর্তী অঞ্চলের জেলে পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

