
কয়েক দশকের অভাবনীয় সাফল্যের পর অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। ব্যাংক খাতের ভঙ্গুর দশা, বৈশ্বিক জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতির চাপে এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দিয়েছে সরকার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, এই বিরতি কাজে লাগিয়ে ব্যাংক সংস্কার ও কর আদায় বাড়াতে না পারলে বড় ঝুঁকিতে পড়বে দেশের অর্থনীতি।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়,তিন দিকে ভারত না থাকলে দেশটিকে একটি বিশাল শক্তি হিসেবেই দেখা হতো। ১৮ কোটি মানুষের এই বাংলাদেশ ইউরোপের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি জনবহুল। আগামী ২৪ নভেম্বর এই বিপুল জনগোষ্ঠীর এক নতুন মর্যাদা অর্জনের কথা ছিল। জাতিসংঘের ‘স্বল্পোন্নত দেশের’ (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার কথা ছিল তাদের। এই তালিকার কারণে দরিদ্র দেশগুলো সস্তায় উন্নয়ন ঋণ এবং ধনী দেশগুলোর বাজারে স্বল্প শুল্কে পণ্য প্রবেশের সুবিধা পায়।
বাংলাদেশিরা এ অর্জনে উদ্যাপনের জন্য প্রস্তুত ছিল। অবশ্য এতে শার্ট ও স্কার্ট রপ্তানিকারকরা কিছু সুবিধা হারাতেন। তবে বৈশ্বিক এই তালিকায় ওপরে উঠে আসাটা বাংলাদেশের মতো দেশের জন্য গর্বের বিষয় হতো, কারণ দেশটির গর্ব করার মতো অনেক অর্জন রয়েছে। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হয়। সে সময় এটি ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এরপর থেকে দেশটি মাথাপিছু আয় চার গুণ বাড়িয়েছে, শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে, প্রায় সব শিশুকে শিক্ষার আওতায় এনেছে এবং চীনের পর বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
কিন্তু সেই উদ্যাপন আপাতত স্থগিত করা হয়েছে। যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ জাতিসংঘের কাছে উত্তরণের সময় তিন বছর পেছানোর আবেদন করেছিল, যা গত মাসে অনুমোদন পেয়েছে।। দুঃখজনক হলেও সত্য, দেশটির এখন একটু দম ফেলার সুযোগ প্রয়োজন। কয়েক দশকের অগ্রগতির পর দেশটি এখন এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
ইকোনমিস্টের দাবি, এই পরিস্থিতির জন্য আংশিকভাবে দায়ী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনব্যবস্থা। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এক ‘জেন-জি বিপ্লবের’ মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর প্রথমে একটি অন্তর্বর্তী সরকার এবং গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনা করছে। এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। বিপ্লবের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট করে, যার ফলে ব্যাংকগুলোর মোট ঋণের এক-তৃতীয়াংশই খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে।
শেখ হাসিনা ২০২৪ সালে পালিয়ে ভারতে চলে যান। তবে কর্মকর্তাদের মতে, দেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পে ধর্মঘট এবং ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের নেপথ্যে রয়েছে তার দল আওয়ামী লীগ। দলটির হাতে অবৈধভাবে অর্জিত অর্থের ভাণ্ডার এবং রাজপথে নামার মতো কর্মী বাহিনী রয়েছে। শেখ হাসিনা নির্বাসন থেকে ফিরে এলে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে সব সমস্যার দায় কেবল শেখ হাসিনার ওপর চাপানো যায় না। কিছু সংকট এসেছে দেশের বাইরে থেকে। ইরানের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। জ্বালানির দাম বাড়ায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি তোলেন। কিন্তু মালিকদের ন তা দেওয়ার মতো সামর্থ্য না থাকায় শুরু হয় আন্দোলন। নতুন সরকারও মূল্যস্ফীতি বা দুর্নীতি মোকাবিলায় ধীরগতির পরিচয় দিয়েছে এবং বিক্ষোভকারীদের সামাল দিতে কঠোর ও অদূরদর্শী আচরণ করেছে।
বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর জ্বালানির দাম বেড়ে গেলে দেশে মূল্যস্ফীতি মাথাচাড়া দিয়ে ওঠে। তখন থেকেই এটি ৮ শতাংশের ওপরে রয়েছে।। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির সময়ের মতো নিচে নেমে এসেছে। আগে যা প্রায় ৬ শতাংশ ছিল, ২০২৫ সালে তা কমে ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দারিদ্র্য বাড়ছে, যা দেশটির বিস্ময়কর অগ্রগতিকে ম্লান করে দেওয়ার হুমকি তৈরি করেছে। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে মূল্যস্ফীতি। ভালো চাকরির অভাবই ছিল শিক্ষার্থী বিক্ষোভকারীদের মূল ক্ষোভের কারণ, যা এখনো কাটেনি।
ইকোনমিস্ট বলছে, অর্থনৈতিক পরিস্থিতি এমন হলেও বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা কম।
তবে লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) বড় কোনো সংকটের আশঙ্কা কম। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়লেও প্রবাসী আয় ও পোশাক রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রার তুলনায় তা এখনো বেশ কমই থাকবে।। মূল সমস্যা হলো অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বল হয়ে পড়া। চলতি বছর ঋণ পরিশোধের খরচ জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ জিডিপির মাত্র ৭ শতাংশের মতো কর আদায় করতে পারে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হলো দেশের ব্যাংক খাতকে ঠিক করা। কিন্তু ব্যাংকগুলোকে বাঁচাতে আইএমএফের মতো সংস্থাগুলো সহায়তা দিলে তারা সরকারি ভর্তুকি কমানোর শর্ত দিতে পারে, যা সরকারের জন্য বেশ অজনপ্রিয় পদক্ষেপ হবে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশকে এই তিন বছরের বিরতিকে কাজে লাগিয়ে এমন সংস্কারের পথে এগোতে হবে, যা দেশটিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। সরকারকে কর আদায় বাড়াতে হবে।এ ছাড়া বিশেষ বাজার সুবিধার বিকল্প খুঁজতে প্রতিবেশী ভারতের মতোই বাণিজ্য চুক্তি স্বাক্ষরে জোর দিতে হবে। চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি নিপীড়ক শাসনব্যবস্থার পতন ঘটানো কেবল শুরু মাত্র, বাংলাদেশের সামনে আরও অনেক পথ বাকি।

