আমিশা প্যাটেলের বাবা-মায়ের বাড়িতে গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাবা-মায়ের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাসভবনে গয়না চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। খোয়া যাওয়া অলংকারের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ভারতীয় রুপি বলে জানা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া নারীর নাম সীমা ঘাটে। বয়স ৪০ বছর। তিনি মহারাষ্ট্রের পালঘর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আমিশার মা আশা প্যাটেলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দেড় বছর ধরে ওই বাড়িতে কাজ করছিলেন সীমা। চলতি বছরের জানুয়ারিতে বাসা থেকে একটি চুড়ি উধাও হওয়ার পর বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। আশা প্যাটেলের ধারণা ছিল, বাড়িতে কর্মরত সীমার সঙ্গে এ ঘটনার যোগ থাকতে পারে।

চুড়ি হারানোর পর বিষয়টি সমাধানের জন্য কয়েক মাস ধরে সীমার সঙ্গে যোগাযোগ করে অলংকারটি ফেরত দিতে বলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে এ বিষয়ে তাকে চাপ দেওয়া হলেও চুড়িটি ফেরত পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আশা প্যাটেল।

অভিযোগ পাওয়ার পর পুলিশ শুরুতে অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৬ ধারায় মামলা করে। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালায়। তদন্তের একপর্যায়ে বিরার এলাকা থেকে সীমা ঘাটেকে আটক করা হয়।

পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

তদন্তকারীরা বলছেন, চুরির ঘটনার সঙ্গে সীমার সম্পৃক্ততা এবং বাসা থেকে আরও কোনো মূল্যবান জিনিসপত্র সরানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত নারীর বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগে উল্লেখ করা চুড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া গয়না উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

অভিনয়জীবনে আলোচিত আমিশা

২০০০ সালে ‘কাহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে আমিশা প্যাটেলের। হৃতিক রোশনের বিপরীতে অভিনীত সিনেমাটি মুক্তির পর বড় ধরনের সাফল্য পায় এবং শুরুতেই পরিচিতি এনে দেয় এই অভিনেত্রীকে।

পরবর্তী সময়ে ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেন তিনি। বিশেষ করে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় তার অভিনীত চরিত্র দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় আলোচনায় ফেরেন আমিশা। পুরোনো চরিত্রে তার প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে এবং সিনেমাটিও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হিসেবে জায়গা করে নেয়।

আমিশাকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে অভিনয়ের মাধ্যমে পর্দায় উপস্থিত হন তিনি।