দ্বিতীয়বার মা হচ্ছেন কিয়ারা, বেবি বাম্পে চমক!

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১০:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বেবি বাম্প নিয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি। অনুষ্ঠানের নতুন প্রোমো প্রকাশের পর কিয়ারার লাল গাউন এবং পেটের ওপর রুপালি তারার নকশা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কিয়ারার সাজে ভক্তরা খুঁজে পেয়েছেন পুরোনো স্মৃতির ছোঁয়া। ২০২৫ সালের মেট গালায় অন্তঃসত্ত্বা অবস্থায় যে বিশেষ পোশাক পরে লালগালিচায় হেঁটেছিলেন তিনি, এবারের সাজেও তার কিছুটা মিল দেখা গেছে। এক ভক্ত কিয়ারার দুই সময়ের ছবি পাশাপাশি রেখে কোলাজ তৈরি করেন। সেখানে দুই পোশাকের নকশার মিল তুলে ধরা হয়।

ভক্তের তৈরি সেই কোলাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কিয়ারা। সঙ্গে দিয়েছেন নজর না লাগার প্রতীক ও হৃদয়ের ইমোজি। বিষয়টি ঘিরে ভক্তদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। একজন মন্তব্য করেছেন, দুই সন্তানই জন্মের আগেই মায়ের সঙ্গে লালগালিচায় হাজির হওয়ার সুযোগ পেয়েছে।

গত বছর মেট গালায় প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় এই আয়োজনে অংশ নেওয়া প্রথম অভিনেত্রী ছিলেন তিনি। সেদিন ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি সোনালি পোশাকে নজর কাড়েন কিয়ারা। পোশাকে মা ও সন্তানের প্রতীক হিসেবে দুটি হৃদয়ের নকশা ছিল, যা নাভিরজ্জুর আদলে তৈরি বিশেষ অংশ দিয়ে যুক্ত করা হয়েছিল।

এদিকে ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রথমবার একসঙ্গে অতিথি হিসেবে হাজির হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ। প্রকাশিত প্রোমোতে তাদের দাম্পত্য জীবন, বিয়ে ও রোমান্স নিয়ে মজার কথোপকথনের ঝলকও দেখা গেছে।

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান কন্যা সারায়াহর জন্ম হয়। এরপর গত ৭ অক্টোবর দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই তারকা দম্পতি।