
ঢালিউডের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। কয়েক মাস ধরে মা ও ভাইয়ের সঙ্গে সেখানে সময় কাটানোর পাশাপাশি সিনেমার কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও।
বর্তমানে কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন শিরিন শিলা। সিনেমাটিতে শুরুতে তাঁর সঙ্গে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা অধরা খানেরও। দুই বান্ধবী একই সিনেমায় কাজ করবেন-এমন খবরে দুজনই বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান অধরা। ফলে বর্তমানে সিনেমাটিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শিরিন শিলাই। গল্পের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে।
কানাডায় নিজের সময় বেশ ভালো কাটছে জানিয়ে শিরিন শিলা বলেন, ‘কানাডাতে এসে সিনেমায় অভিনয় শুরু করেছি। আবার মাঝে মধ্যে কানাডাতেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছি। প্রয়োজনে এখান থেকে যুক্তরাষ্ট্রেও যাচ্ছি। সম্মাননা পাচ্ছি, পারফর্মও করছি। সব মিলিয়ে বেশ চমৎকার সময় কাটছে আমার। তবে এটা সত্যি, দেশকে, দেশের মানুষকে ভীষণ মিস করছি। খুব ইচ্ছে করছে দেশে ফিরে যেতে। কিন্তু কিছু কাজের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গেছি বিধায় এই মুহূর্তে দেশে ফিরতে পারছি না। সব কাজ শেষ হলেই ইনশাআল্লাহ দেশে ফিরব।’
দেশে ফেরার অপেক্ষায় থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ ও সম্মাননা অর্জন নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। এর আগে অভিনয়ের স্বীকৃতি হিসেবে দুবার ‘বাবিবাস’ অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড এবং ‘আনন্দমেলা লস অ্যাঞ্জেলেস’-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি।
২০১৪ সালে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় যাত্রা শুরু করেন শিরিন শিলা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয়জীবনের এক যুগ পূর্ণ করা এই নায়িকার কাছে দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘সিনেমাতে আমার অভিনয়জীবনের শুরু হয় শাকিব খানের সঙ্গে। এরপর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে পাওয়া শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবনের চলার পথে অনেক বড় অনুপ্রেরণা।’

