
কিংবদন্তি সংগীতশিল্পী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বশির আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারগাম সাউন্ড স্টেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য সেলিমা রহমান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হারুন-অর-রশীদসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতাঙ্গনের গুণীজনেরা।
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন উপমহাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা শবনম ও সংগীতশিল্পী রুনা লায়লা।
এ ছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য আবিদা সুলতানা, রফিকুল আলম ও দিলরুবা খান; গীতিকার মুন্সী ওয়াদুদ; সাংবাদিক রফিকুজ্জামান; বাদ্যযন্ত্রশিল্পী ফিরোজ খান; সৌন্দর্যশিল্পে জরিনা আসগর; দেশীয় শিল্পের রূপকার বিপ্লব সাহা; প্রবাসী বাঙালি হিসেবে ড. খালেদ ভূইয়া; তবলা শিল্পী শাহ মোহাম্মদ হান্নান; সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং কত্থক নৃত্যশিল্পী সাজয় হামাদ সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের শিল্পীরা বশির আহমেদের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় স্মরণ করা হয় বাংলা সংগীতাঙ্গনে তাঁর অবিস্মরণীয় অবদান ও সৃষ্টিকর্ম।
বশির আহমেদের কন্যা হোমায়েরা বশির ও পুত্র রাজা বশির জানান, তাঁদের বাবা বশির আহমেদ ও মা মীনা বশিরের স্মৃতি এবং সংগীতজীবনের অবদানকে স্মরণ করার পাশাপাশি দেশের সংগীত ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যে ২০১৯ সালে এ সম্মাননা অনুষ্ঠানের সূচনা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, পথিকের পথ, ইনডালজ, সীমা, দীপালক, সুরেলি ও স্টাইল বাই হোমায়েরা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।

