নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রণয় ভার্মা ২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের এই জ্যেষ্ঠ কূটনীতিক কর্মজীবনে হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের জুলাইয়ে হ্যানয়ে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি ভারতের পরমাণু নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রণয় ভার্মা। ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশটির পরমাণু শক্তি বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন এবং পরমাণু কূটনীতি সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করেছেন।
যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে টাটা স্টিলে কাজ করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
আমার বার্তা/জেএইচ
