জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ইনফান্তিনোকে পছন্দ ট্রাম্পের!
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১২:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৫ ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়েছে। একে অন্যকে উচ্চ আসনে দেখার অভিলাষ তাদের। রিপাবলিকানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ট্রাম্প চাইছেন ইনফান্তিনো যেন জাতিসংঘের মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ডিসেম্বরে শেষ হবে তার বর্তমান মেয়াদ। সংবাদপত্র অনুযায়ী, ট্রাম্প বিশ্বাস করেন, জাতিসংঘকে নেতৃত্ব দেওয়ার জন্য আন্তর্জাতিক মর্যাদা ও যোগাযোগের দক্ষতা রয়েছে।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ফিফার প্রধান ‘বিশ্বব্যাপী সমাদৃত’ এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার বিশেষ ক্ষমতা আছে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত দুটি প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট দিয়ে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক গাঢ় হয়েছে। গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্টকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার মাধ্যমে এই সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছায়।
জাতিসংঘের প্রার্থিতার দৌড়ে যোগ দিতে ফিফা ছাড়ার আগ্রহ ইনফান্তিনোর আদৌ আছে কি না, তা স্পষ্ট নয়। আবার তিনি এই ব্যাপারে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কি না তাও অজানা।
পদটি গ্রহণ করার জন্য মনোনীত প্রার্থীকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সুপারিশকৃত হতে হবে। এছাড়া সাধারণ অধিবেশনেও অনুমোদন পেতে হবে।
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থীরা হলেন চিলির প্রেসিডেন্ট মাইকেল বাচেলেট, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ডিরেক্টর জেনারেল আর্জেন্টাইন রাফায়েল গ্রসি।
ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্বের বিশেষ দূত পাওলো জাম্পাওলি ইনফান্তিনোকে মনোনয়নে সমর্থন জানিয়েছেন। তার মতে, ইনফান্তিনোর ফিফাকে পরিচালনার অভিজ্ঞতা একটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থাকে চালানোর সামর্থ্যের বহিঃপ্রকাশ।
জাম্পাওলি নিউইয়র্ক পোস্ট-কে বলেন, ‘জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্র। ফিফায় রয়েছে ২০০র বেশি অ্যাসোসিয়েশন। জিয়ান্নির অতীত কর্মকাণ্ড প্রমাণ করে যে তিনি জানেন কীভাবে পরিচালনা করতে হয়।’
এই গুঞ্জন ওঠার আগে ইনফান্তিনো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি ফিফার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে চান। আগামী বছর মার্চে হবে নির্বাচন। নিউইয়র্ক পোস্ট যোগাযোগ করতে চাইলে কোনো কর্মকর্তা ইনফান্তিনোর জাতিসংঘ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেননি।
