ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৪:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্কর। বৈঠকে তিনি বলেছেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী যেন হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী জাহাগুলো লক্ষ্য করে হামলা কলা থেকে বিরত থাকে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী। এক্সবার্তায় জয়শঙ্কর বলেছেন, “আজ(শুক্রবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোন-বৈঠক হলো। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান সহিংসতা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন এবং আমি এই উদ্বেগ ইরানের পররাষ্টমন্ত্রীকে জানিয়েছি। সেই সঙ্গে বাণিজ্যিক জাহাজ এবং জাহাজের ক্রুদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত না করারও জোর আহ্বান জানিয়েছি। ভারত সবসময় এ ধরনের হামলার বিপক্ষে।”
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, টেলিফোন-বৈঠকে বর্তমান ঘটনাবলী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বিষয়ক হালনাগাদ তথ্য তাকে অবহিত করেছেন আরাগচি।
তিনি আরও বলেন যে, বর্তমান ঘটনাবলী এবং চলমান আলোচনা বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান ঘটনাবলী এবং চলমান আলোচনা বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। ভারত সর্বদা সংলাপ ও কূটনীতির সমর্থক।”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও অপর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের তথ্য নিশ্চিত করেছেন। তবে সেই পোস্টে বাণিজ্যক জাহাজে হামলার প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন তিনি।
আরাগচির টেলিগ্রামবার্তায় বলা হয়েছে, “ইরান ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে শুক্রবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং ভারতের পররাষ্ট্রমন্বত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্করের মধ্যে টেলিফোন-বৈঠক হয়েছে।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৬ জন ভারতীয়। এই ভারতীয়দের মধ্যে ১০ জন নাবিক ছিলেন।
সূত্র : এএনআই
