
চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু বোমার সংখ্যা সীমিত করার বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে রয়টার্সকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ধারণাটি আমার খুব পছন্দ। কিন্তু নিছক আলোচনার দৃষ্টিকোণ থেকে একজন প্রেসিডেন্ট হিসেবে বিষয়টি বাস্তবায়ন করা আমার জন্য খুব কঠিন।’
চীন সফরে ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল তিন দেশের মধ্যে পরমাণু বোমা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা শুরু করা। তবে এ বিষয়ে আলোচনায় বসতে চীন অনাগ্রহী। কারণ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডারের সমপর্যায়ে পৌঁছাতে দেশটি দ্রুত নিজেদের অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।
বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের এক হিসাবে, ২০২৩ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ৪১০টি। অন্যদিকে পৃথক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০৮টি। সংস্থাটির পরবর্তী এক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডার রাশিয়ার হাতে ছিল প্রায় ৫ হাজার ৪২০টি ওয়ারহেড।
চীন দ্রুত পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র সীমিত করার ধারণার সঙ্গে শি জিনপিং একমত। তবে এ ধরনের সমঝোতা বাস্তবায়ন কঠিন। তার মতে, ‘একজনের কাছে ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, আর তিনি বলবেন এর অর্ধেক ছেড়ে দেবেন, এটা বলা কঠিন। কাজটি সহজ নয়।’
ট্রাম্প আরও বলেন, বিষয়টি তিনি আলোচনায় তুলে ধরতে থাকবেন। কারণ, এটি করা প্রয়োজন। তবে মনস্তাত্ত্বিক দিক থেকেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কঠিন।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, তিন নেতা আবারও নিশ্চিত করেছেন যে পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও তারা সম্মত হয়েছেন।
সূত্র : রয়টার্স

