বারকাতের দুই ফ্ল্যাট ক্রোক, গাড়ি-ব্যাংক হিসাব ফ্রিজ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। তার নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ক্রোক হওয়া সম্পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা ও মোহাম্মদপুর ও ধানমণ্ডিতে থাকা পৃথক দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার নামে থাকা ২৯ লাখ টাকা মূল্যের গাড়িসহ ব্যাংক হিসাবে থাকা অর্থ ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।
এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদনটি করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ প্রদানপূর্বক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে, অভিযোগ সংশ্লিষ্ট ড. আবুল বারকাত এর নিজ নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর, অস্থাবর সম্পদগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন।
অভিযোগ নিষ্পত্তির পূর্বে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে সম্পত্তিগুলো মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে ক্রোক ও ফ্রিজ করা আবশ্যক।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই ঢাকার ধানমন্ডির বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার হন। পরে দুদকের মামলায় জামিন পেলে তাকে জুলাই আন্দোলন কেন্দ্রিক ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।
