বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না: আসিফ নজরুল
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে।
তিনি বলেন, ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিএনপির অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, কারা কারা আমন্ত্রিত হবেন; সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।
পরবর্তী মন্ত্রীসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রীসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।
আমার বার্তা/এমই
