১৪ মার্চ পর্যন্ত দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প-চাপ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো স্টেশনগুলো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব মুহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ১৫ থেকে ২৫ মার্চ সিএনজি/ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
এতে আরও বলা হয়, ২৬ মার্চ থেকে আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ রাখতে হবে।
আমার বার্তা/জেএইচ
