সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে: আবদুস সালাম

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্রে সমঝোতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কম্প্রোমাইজ ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। তা না হলে একদলীয় শাসনের ঝুঁকি তৈরি হয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কঠোর সমালোচনা না করে বরং তাদের সময় দেওয়া উচিত।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্রহীন পরিস্থিতি ছিল এবং এই সময়ে অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকলেও জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং উগ্রবাদ প্রতিরোধের প্রশ্নে ঐক্য ধরে রাখা জরুরি। সরকারকে সময় দিয়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও সহযোগিতা করতে হবে।

ঐতিহাসিক ২ মার্চের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আ স ম আবদুর রব-এর সাহসী ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং সেই ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। ইতিহাস সাময়িকভাবে বিকৃত করা গেলেও তা পরিবর্তন বা মুছে ফেলা যায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে বিভক্তির পথে না গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, নিয়মিত নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিতে হবে।

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলন সভাপতি হাসনাত কাইয়ুম, গণফোরামের সভাপতি অ্যাড সুব্রত চৌধুরী, জেসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন প্রমুখ।


আমার বার্তা/এমই