অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৬:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে সবাই সমান এবং সংবিধানে সবার সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রম উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে প্রথমবারের মতো আমি দেখলাম যে, আমরা যেগুলো চিন্তা করতাম, যেগুলো ভাবতাম, সেটা এখন বাস্তবায়িত হতে চলেছে। বিশেষ করে নির্বাচনের পূর্বে আমরা আমাদের নিজস্ব এলাকায় গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছি—সেই প্রতিশ্রুতিগুলো এক মাসের মধ্যেই যে বাস্তবায়িত হতে পারে, এটা আমাদের অনেকের মনের মধ্যে বোধহয় সংশয় ছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটা হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। এখানে সবাই সমান এবং সকলের সমান অধিকার রয়েছে সংবিধানে। সেই সংবিধানকে সামনে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যে পরিবর্তনগুলো আসবে, সেই পরিবর্তনগুলোকে যন আমরা বাস্তবায়িত করতে পারি—সেদিকে লক্ষ রাখতে হবে।’

তিনি বলেন, ‘আর একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে একযোগে আমরা যেন আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারি।’


আমার বার্তা/এমই