সংসদকে কার্যকর করতে ও জনগণের সেতুবন্ধনে কাজ করবে ইউএনডিপি

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)-এর একটি প্রতিনিধি দল। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, সুশাসন এবং সংসদকে আরও জনমুখী ও আধুনিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (০৪ মে) সংসদ ভবনে সাক্ষাতের সময় ইউএনডিপির প্রতিনিধি দলে ছিলেন সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। বৈঠকে তারা ই-পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং বাকস্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা সমাধানে বদ্ধপরিকর। দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে হলে সুশাসন প্রয়োজন, আর সুশাসনের পূর্বশর্ত হলো শক্তিশালী গণতন্ত্র।

সংসদকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দল সংসদে ঐকমত্য পোষণ করলে জাতীয় অনেক সমস্যার সমাধান দ্রুত সম্ভব হয়। বিশেষ করে জ্বালানি বিষয়ক কমিটির কার্যক্রম দেশে বিদ্যমান জ্বালানি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রেখেছে। তিনি একে অপরের প্রতি পারস্পরিক বিশ্বাস স্থাপনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ইউএনডিপি প্রতিনিধি ড্রাগন পপভিচ জানান, সংসদ সদস্য ও জনগণের মাঝে কার্যকর যোগাযোগ স্থাপনে ইউএনডিপি সহায়ক ভূমিকা পালন করতে পারে। জাতীয় সংসদকে আধুনিক ও আরও বেশি কার্যকর করতে তারা সংসদের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 


আমার বার্তা/এমই