মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (০৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের সরকার এবং রাষ্ট্রের একটা রুটিন কর্মসূচি হিসেবে জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের এই মতবিনিময় সভা চলে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং পরে ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রীরা তাদের পরামর্শগুলো দিয়ে থাকেন। আজ আমাদের পর্ব ছিল, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছি এবং আমাদের যতটুকু পরামর্শ আমরা দিয়েছি।

তিনি বলেন, যে কথা গত কিছুদিন যাবত দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা আপনাদেরকেও বলেছি, সেই একই কথা ওনাদেরকেও বলেছি যে আমরা একটি রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এরকম একটা পর্বকে এর আগে খুব ভালোভাবে চিহ্নিত না করার ফলে গৎবাঁধা সব ধরনের কথা, চিন্তা এবং কাজ ছিল। কিন্তু আমরা গৎবাঁধা চিন্তা এবং কথা বলতে চাই না বলেই আমরা সমস্যাটিকে ভালোভাবে বুঝতে চাই। সেই বোঝাপড়ার পর্বটা আমরা এখনো শেষ করতে পারিনি, আমরা সেটাকেই গুরুত্ব দিয়েছি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যে সমস্ত কাজ খুব জরুরি, যেগুলোতে হাত দেওয়া যেতে পারে, যেমন মিস-ইনফরমেশন এবং ডিস-ইনফরমেশনকে কমব্যাট (মোকাবিলা) করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়মশৃঙ্খলার মধ্যে আনা, সেগুলোর দিকে আমরা মনোযোগ দেব।

তিনি বলেন, কিন্তু সমস্যাটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র নয়। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক। কেননা গণমাধ্যম একটা পুরোনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসিদের পরামর্শ দিয়েছি তারাও যেন প্রস্তুত থাকেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব। তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাবে।


আমার বার্তা/এমই