ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ৯১ জেলে, পরিবারের কাছে হস্তান্তর
বন্দি বিনিময় চুক্তি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের কারাগার থেকে দেশে ফেরত আনা ৯১ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কামরুজ্জামান জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে তাদের ভারতীয় কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও মাছ ধরার নৌযানগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখা (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি মাছ ধরার ট্রলার গ্রহণ করা হয়।
আমার বার্তা /জেএইচ
