সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর তাকে সেনা আইনে বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুই আইনে পৃথকভাবে বিচার করার সুযোগ নেই।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দরবার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন পলাতক থাকা মোজাফফর হোসেন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সেনা আইন অনুযায়ী বিচারের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। আগে একই মামলায় যাদের বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে তার বিষয়ে কী সিদ্ধান্ত রয়েছে, তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।

মোজাফফরের সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা ফৌজদারি মামলা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু তিনি একই মামলার পলাতক আসামি ছিলেন, তাই সেনাবাহিনী তাদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে সিভিল কোর্টে কোনো আইনি বিষয় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

চট্টগ্রামে এক আইনজীবীর করা মামলায় পুনঃতদন্তের আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইনানুগভাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

জিয়াউর রহমান হত্যা মামলায় সিআইডির তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন থাকা সত্ত্বেও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'একই ব্যক্তিকে একই অপরাধে দুই আইনে বা দুইবার বিচার করা যায় না।'


আমার বার্তা/এমই