ইসির সঙ্গে বৈঠকে জামায়াত, গাজী নজরুলসহ যেসব বিষয় আলোচনায়
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।
জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব সামসুল আলমকে নিয়োগ, সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের বহিষ্কৃত এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।
এ সময় বৈঠকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মনির।
