চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১০:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা এবং বরগুনার পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের সমন্বয়ে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কোস্ট গার্ড বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।