প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়; বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মারক ধরে রাখাও গুরুত্বপূর্ণ।

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে এটি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন ও ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের নিষ্ঠা প্রয়োজন।

তিনি আরও বলেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।