জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন ও মুসল্লিদের উদ্দেশে বয়ানও করবেন তিনি। আগামী ২৭ নভেম্বর শুক্রবার মুসল্লিদের উদ্দেশে খুতবা ও বয়ান করবেন তিনি। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত তার খুতবা ও বয়ানের সময় নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তার স্বাক্ষরিত কর্মসূচিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকাতেও তার নাম রয়েছে।