
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার। সাক্ষাতে সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

