
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার পরিচয় পত্র পেশ করেন।
আয়ারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নুরে আলম ডাবলিনের ‘আরাস আন উখতারাইন’ (Áras an Uachtaráin)-এ আয়োজিত এ অনুষ্ঠানে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
রাষ্ট্রদূত নুরে আলম বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট কনোলি এবং আয়ারল্যান্ডের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এছাড়া তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে ব্যক্তিগত শুভেচ্ছা জ্ঞাপন করেন। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসেই আয়ারল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা স্মরণ করে রাষ্ট্রদূত ডাবলিনে বাংলাদেশের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনকে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। এটি উভয় দেশের মধ্যে গভীরতর সম্পৃক্ততা ও সহযোগিতার নতুন পথ উন্মোচন করেছে।
রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে, যার বড় একটি অংশ এখনো অব্যবহৃত রয়ে গেছে। তিনি আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান এবং ঢাকায় আয়ারল্যান্ডের একটি স্থায়ী দূতাবাস স্থাপনের আহ্বান জানান।
রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু বিষয়ক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রগুলোকে এমন গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করেন, যেখানে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার বড় সুযোগ রয়েছে। তিনি ‘বাংলাদেশ-ইইউ ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম’-এ আয়ারল্যান্ডের অংশগ্রহণকে স্বাগত জানান; যা উভয় পক্ষের জন্য সুবিধাজনক দক্ষতা আদান-প্রদানকে উৎসাহিত করবে এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ আয়ারল্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় জনশক্তির চাহিদা পূরণে সহায়তা করবে।
রাষ্ট্রদূত নুরে আলম গুরুত্বারোপ করে বলেন যে, আয়ারল্যান্ডের কোম্পানিগুলো বাংলাদেশের সাশ্রয়ী শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (Special Economic Zones) প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করতে পারে। তারা তৈরি পোশাক (RMG)-এর মতো শ্রমঘন শিল্পসহ ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারে। এছাড়া তিনি প্রায় ১৮ কোটি মানুষের ক্রমবর্ধমান বাংলাদেশি ভোক্তা বাজারের কথা উল্লেখ করেন, যা আয়ারল্যান্ডের রপ্তানি পণ্যের—যেমন মূলধনী যন্ত্রপাতি, ওষুধ, দুগ্ধজাত পণ্য এবং অন্যান্য পণ্য ও সেবার জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন যে, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দৃষ্টিভঙ্গি অভিন্ন। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে তাদের অবিচল সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকট সংক্রান্ত সাম্প্রতিক মামলায় আয়ারল্যান্ডের লিখিত উপস্থাপনার বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট কনোলি বাংলাদেশের দূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি জলবায়ু বিষয়ক কর্মসূচি, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাসহ অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আয়ারল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বিনিময়ের গুরুত্বের ওপর তিনি জোর দেন।
উভয় পক্ষই আইরিশ সমাজ ও অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে। তারা উল্লেখ করেন যে, এই জনগোষ্ঠী উভয় দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রেসিডেন্ট কনোলি রাষ্ট্রদূত নুরে আলমকে তাঁর দায়িত্বপালনকালে সাফল্যের শুভেচ্ছা জানান এবং তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনে আইরিশ সরকারের পূর্ণ সমর্থনের নিশ্চয়তা প্রদান করেন।

