
একটি দেশের রাজ্যমন্ত্রীর মুখ থেকে আরেকটি স্বাধীন ও সার্বভৌম দেশ দখল করে নেওয়ার হুমকি বের হলে সেটিকে নিছক রাজনৈতিক বক্তৃতা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কথাটি যিনি বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন; তিনি প্রতিবেশী রাজ্যসরকারের দায়িত্বে থাকা একজন মন্ত্রী। তাঁর বক্তব্যের সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব, প্রতিবেশী দেশের প্রতি আচরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের ন্যূনতম শিষ্টাচার জড়িয়ে আছে।
পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের নামে প্রকাশিত বক্তব্যটি খুবই উদ্বেগজনক। তিনি বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেওয়া হবে এবং বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিশোধ নেওয়া হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
এ বক্তব্য কোনো দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান নয়। এটি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে প্রকাশ্যে অস্বীকার করার ভাষা, যা উসকানিমূলক, উদ্ধত এবং দুই দেশের সম্পর্কের জন্য বিপজ্জনক।
ভারতের একটি রাজ্যের মন্ত্রী বাংলাদেশের ভূখণ্ড দখলের কথা বলবেন, প্রতিশোধের ঘোষণা দেবেন, আর বাংলাদেশ সেটিকে স্বাভাবিক রাজনৈতিক কথাবার্তা হিসেবে গ্রহণ করবে—এমন প্রত্যাশা অবাস্তব। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদাবোধসম্পন্ন জাতি। রাষ্ট্রের স্বাধীনতা, ভূখণ্ড ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি তারা হালকাভাবে নেয় না।
ইতিহাস ভুলে গিয়ে হুমকি দেওয়া যায় না
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কোনো সাধারণ প্রতিবেশীর সম্পর্ক নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং তৎকালীন ভারতীয় সরকারের সহযোগিতা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া, মুক্তিযুদ্ধে সহায়তা, চুড়ান্ত পর্বে যৌথভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং ১৬ ডিসেম্বরের বিজয়—এই ইতিহাস দুই দেশের সম্পর্কের ভিত্তি।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই দিনটি ভারতীয় মন্ত্রীর কাছে যদি বাংলাদেশ দখলের হুমকি দেওয়ার উপলক্ষ হয়ে ওঠে, তবে তা ইতিহাসের প্রতি অসম্মান, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবজ্ঞা এবং দুই দেশের মানুষের আবেগের সঙ্গে এক ধরনের নির্মম পরিহাস।
ভারত বাংলাদেশের বন্ধু ও প্রতিবেশী। বন্ধুত্বের অর্থ অবশ্যই সব বিষয়ে একমত হওয়া নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সীমান্ত নিয়ে সমস্যা থাকবে, পানি বণ্টন নিয়ে বিরোধ থাকবে, বাণিজ্যিক স্বার্থের সংঘাত থাকবে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে। কিন্তু কোনো বিরোধের সমাধান সামরিক দখলের হুমকি হতে পারে না।
বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে এমন ভাষা প্রত্যাশা করে না।
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, তাই দায়িত্ব আরও বেশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমনিতেই সংবেদনশীল। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকর করার দাবি দেশের মানুষের মধ্যে রয়েছে। তাঁর কথিত দেশেফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, সহিংসতা ও পাল্টাপাল্টি বক্তব্যও দেখা যাচ্ছে।
এই বাস্তবতায় পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীর বাংলাদেশ দখলের ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিদেশি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের এ ধরনের বক্তব্য নতুন করে ক্ষোভ, সন্দেহ, উসকানি এবং ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষের বসবাস। দেশের বাইরে আরও দেড় কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত। একটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করতে পারে, যা দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করবে।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে সেটি নজরে আনা যায়, এবং এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখার জন্য বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা সার্বক্ষণিক কাজ করছেন। সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্মীয় সহিংসতা কিংবা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু সেই প্রতিবাদকে অন্য একটি দেশের ভূখণ্ড দখল, প্রতিশোধ কিংবা সামরিক আগ্রাসনের ভাষায় প্রকাশ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকারের প্রশ্নকে ভূখণ্ড দখলের রাজনৈতিক স্লোগানে পরিণত করা মানবাধিকারের পক্ষেই ক্ষতিকর।
রাষ্ট্রবিজ্ঞানের পাঠ: সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা
আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক তত্ত্বগুলোর একটি হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। রাষ্ট্র তার ভূখণ্ড, জনগণ ও রাজনৈতিক ব্যবস্থা পরিচালনায় স্বাধীন। অন্য কোনো রাষ্ট্রের সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার নেই। জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদে সদস্যরাষ্ট্রগুলোর বিরুদ্ধে ভূখণ্ডগত অখণ্ডতা কিংবা রাজনৈতিক স্বাধীনতার ওপর বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব (Realism) রাষ্ট্রকে তার নিরাপত্তা, ক্ষমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শেখায়। কিন্তু বাস্তববাদ মানে দায়িত্বহীন হুমকি দেওয়া নয়। বরং একটি রাষ্ট্রের শক্তি কতটা সংযত, কতটা হিসাবি এবং কতটা বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবহৃত হয়, সেটিই তার কৌশলগত বিচক্ষণতার পরিচয়।
একজন মন্ত্রী যখন প্রকাশ্যে অন্য রাষ্ট্র দখলের কথা বলেন, তখন তাঁর বক্তব্য শুধু ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাষ্ট্রীয় পদমর্যাদার কারণে সেটি আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর বক্তব্যের পেছনে সরকারের আনুষ্ঠানিক নীতি না থাকলেও, বিদেশি জনগণ ও সরকার সেটিকে ভারতের রাজনৈতিক মনোভাবের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করতে পারে।
এখানেই রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পার্থক্য।
কূটনীতি হচ্ছে বিরোধকে নিয়ন্ত্রণে রাখা, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করা। কূটনীতির বিপরীত হচ্ছে এমন ভাষা, যা শত্রুতা তৈরি করে, জনমতকে উত্তেজিত করে এবং আলোচনার জায়গা সংকুচিত করে। রাষ্ট্রের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্যে এই সীমারেখা অতিক্রম করা উচিত নয়।
রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এ বক্তব্যের বিপদ
আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বে কয়েকটি বিষয় এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক: প্রথমত, Westphalian Sovereignty বা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতি। ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড ও অভ্যন্তরীণ বিষয়ে কর্তৃত্বের ধারণা প্রতিষ্ঠা পায়। পরবর্তী সময়ে জাতিসংঘ সনদ এই নীতিকে আরও সুস্পষ্ট করে। জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদে অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়েছে। অতএব, বাংলাদেশকে দখল করে নেওয়ার প্রকাশ্য ঘোষণা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আচরণের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
দ্বিতীয়ত, Security Dilemma বা নিরাপত্তা-দ্বন্দ্ব। আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্ব ব্যাখ্যা করে, একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রকে ভয় দেখায় বা নিজের সামরিক অভিপ্রায় নিয়ে হুমকি দেয়, তখন অপর পক্ষও নিজের নিরাপত্তার জন্য পাল্টা প্রস্তুতি নিতে বাধ্য হয়। ফলে উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস বাড়ে। যে বক্তব্যের উদ্দেশ্য হয়তো অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন অর্জন, সেটিই দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা-সংকটের জন্ম দিতে পারে।
তৃতীয়ত, Constructivism বা গঠনবাদী তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী, রাষ্ট্রের সম্পর্ক শুধু সামরিক শক্তি কিংবা অর্থনৈতিক স্বার্থ দিয়ে নির্ধারিত হয় না; পারস্পরিক ধারণা, পরিচয়, ঐতিহাসিক স্মৃতি ও রাজনৈতিক ভাষাও সম্পর্ক গড়ে তোলে। একজন মন্ত্রীর বক্তব্য তাই কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়। তা প্রতিবেশী দেশের মানুষের মনে ভারত সম্পর্কে কী ধারণা তৈরি করছে, সেটিও গুরুত্বপূর্ণ।
চতুর্থত, Good Neighbourliness বা সুপ্রতিবেশীসুলভ আচরণ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিরোধ থাকলেও আলোচনার পথ খোলা রাখা, একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করা এবং উত্তেজনা এড়িয়ে চলা দায়িত্বশীল রাষ্ট্রের বৈশিষ্ট্য। রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে প্রতিবেশীকে শত্রুতে পরিণত করা কোনো দূরদর্শী পররাষ্ট্রনীতির পরিচয় নয়।
এই চারটি তাত্ত্বিক অবস্থান থেকে দেখলে অর্জুন সিংয়ের বক্তব্য শুধু অশোভন নয়, আঞ্চলিক সম্পর্কের জন্যও ক্ষতিকর।
দিল্লির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। রাজ্য সরকারের একজন মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে দিল্লি শুধু এটুকু বলে দায় এড়াতে পারে না যে, এটি রাজ্য সরকারের একজন মন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য।
কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও দক্ষিণ এশীয় সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের বাস্তব গুরুত্ব রয়েছে।
এই বক্তব্যের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পষ্ট অবস্থান প্রত্যাশিত। মন্ত্রীকে তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য জবাবদিহির আওতায় আনা, প্রয়োজনে মন্ত্রিত্ব থেকে অপসারণ করা এবং বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করা উচিত।
এ ধরনের বক্তব্য ভারতের সরকারি নীতির অংশ নয়—এটি স্পষ্টভাবে জানানো প্রয়োজন। শুধু নীরবতা কিংবা পরবর্তী সময়ে অস্পষ্ট ব্যাখ্যা দিয়ে ক্ষত মুছে ফেলা যাবে না।
বন্ধুত্বের পরীক্ষা হয় আচরণে: বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, আধিপত্য নয়। সম্মান চায়, অবজ্ঞা নয়। সহযোগিতা চায়, হুমকি নয়।
ভারত একটি বড় রাষ্ট্র, সামরিক ও অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু শক্তিশালী রাষ্ট্রের পরিচয় দুর্বল প্রতিবেশীকে ভয় দেখানো নয়। বরং শক্তি থাকা সত্ত্বেও সংযম দেখানোই রাষ্ট্রীয় পরিপক্বতা। প্রতিবেশীকে নিরাপত্তাহীন করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। ভয় ও অপমানের ওপর স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে না।
আন্তরাষ্ট্রীয় সম্পর্ক কোনো কোনো ছেলেখেলা নয়, কোনো জনসভায় চটুল বক্তৃতার বিষয়ও নয়। এখানে প্রতিটি শব্দের রাজনৈতিক মূল্য আছে, প্রতিটি বক্তব্যের কূটনৈতিক পরিণতি আছে। একজন মন্ত্রীর মুখের কথা কখনো কখনো দুই দেশের লাখ লাখ মানুষের মনোভাবকে প্রভাবিত করতে পারে।
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। এই দিনে বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে কেউ ইতিহাসের গৌরব অর্জন করতে পারবেন না। বরং ইতিহাসের প্রতি অসম্মানই প্রকাশ করবেন।
আমরা ভারতের জনগণের সঙ্গে বন্ধুত্ব চাই। দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, ব্যবসা, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতা চাই। কিন্তু বন্ধুত্বের নামে সার্বভৌমত্বের প্রশ্নে নীরব থাকার কোনো কারণ নেই।
বাংলাদেশ কোনো দেশের করুণা বা দয়ার ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্র নয়। এটি রক্ত, ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ।
সেই স্বাধীনতা নিয়ে হুমকি এলে এদেশের জনগন অবশ্যই প্রতিবাদ করবে। প্রতিবেশীর মুখে দখলের কথা এলে জবাব চাইবে। আর যাঁরা রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এমন বক্তব্য দেন, তাঁদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করবে।
লেখক: সরকারের সাবেক সিনিয়র সচিব, এবং ‘৩৬ জুলাই’-এর উদ্ভাবক।

