তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে বলে অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
তিনি বলেছেন, ‘বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সাথে তারা (জামায়াতে ইসলামী) বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে তারা উপস্থাপন করেছে।’
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন চরমোনাই পীর।
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোনো নেতা বলছে, এ রকম ইতিহাস বাংলাদেশে নাই।
কারণ, বাংলাদেশকে কেউ কলঙ্কিত করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখসহকারে বলতে হয় যে, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে।’
জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেন চরমোনাইর পীর বলেন, ‘আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক; বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে—এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বুঝাল, তাদের বৈঠক আরও আগে অনেক হয়েছে।’
জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনের সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের আমির বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামি আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল।
এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
আমার বার্তা /জেএইচ
