নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৩:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়ন পাওয়া তালিকায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মানছুরা আক্তার বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রদলের কর্মী হিসেবে মানছুরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন সময় মামলা ও হামলার শিকার হয়েছেন।
২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের একটি মিছিলে বাংলাদেশ ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তার হাত ভেঙে যায় এবং সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় তিনি ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এ ছাড়া ২০২৩ সালের এপ্রিল মাসেও মানছুরা আক্তার পুনরায় ছাত্রলীগের হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে অবস্থানকালে ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি ছাড়াও ছাত্রদলের আরও কয়েকজন নেতা আহত হন।
