ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার(২২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ধানমন্ডি মডেল থানা পুলিশের সূত্রে এডিসি জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রাম সংবলিত ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সংবলিত ৮টি গেঞ্জি এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। এ ছাড়া তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এমই