সরকারের কর্মকাণ্ড নিয়ে খেলাফত আন্দোলনের উদ্বেগ প্রকাশ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেছেন, সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। তাদের দাবি, সরকারের ভেতরে থাকা একটি মহল ইসলামবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতারা এসব কথা বলেন।

বৈঠকে নেতারা জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস, আইনমন্ত্রীর বক্তব্য এবং হাফেজদের একটি অনুষ্ঠানে ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার বিষয় উল্লেখ করে সরকারের সমালোচনা করেন। সম্পত্তি হস্তান্তর বিলটি নিয়ে এর আগে বিরোধী দলের পক্ষ থেকেও কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হওয়ার অভিযোগ তোলা হয়েছিল।

দলটির নেতারা বলেন, আইনমন্ত্রী কর্তৃক কোরআনকে মানবজাতির সংবিধান হিসেবে গ্রহণযোগ্য নয়—এমন বক্তব্য এবং বিশ্বজয়ী হাফেজদের পুরস্কার হিসেবে ‘নেক্সাস’ বই দেওয়ার ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন। এসব ঘটনায় সরকারের ইসলামবিরোধী অবস্থানের প্রশ্ন তৈরি হয়েছে বলে তারা দাবি করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশপাশে থাকা কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ও ইসলামবিদ্বেষী ব্যক্তি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কাজ করছেন বলে মনে হচ্ছে। মাছের পোনা অবমুক্ত করার পর ভেসে ওঠার ঘটনা এবং বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত একটি বই উপহার দেওয়ার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের নেতাকর্মীদের বিরত রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহজাহানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।