সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অসুস্থতা ও দুর্বলতা অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীসহ সর্বস্তরের মুসলমানের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের একজন বরেণ্য আলেম, প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব এবং মুসলিম উম্মাহর অন্যতম শীর্ষ অভিভাবক। ইলম, আমল, ইখলাস, দ্বীনি প্রজ্ঞা ও জাতীয় দূরদর্শিতার এক অনন্য সমন্বয় তাঁর ব্যক্তিত্বে প্রতিফলিত হয়েছে। তিনি তাঁর সমগ্র জীবন ইসলামের প্রচার-প্রসার, মুসলিম উম্মাহর দিকনির্দেশনা, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় উৎসর্গ করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব, সত্যনিষ্ঠা ও আপসহীন ভূমিকা তাঁকে উপমহাদেশের মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, সাইয়েদ আরশাদ মাদানির মতো একজন বরেণ্য আলেম ও অভিভাবকের অসুস্থতা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। দ্বীনি ও জাতীয় অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী। তাঁর অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও নেতৃত্ব মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য সম্পদ। বিশেষত বর্তমান সময়ের নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর মতো প্রাজ্ঞ আলেম ও দূরদর্শী অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দেশবাসী, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসলমান, হযরতের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান।
