যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। বইমেলা কমিটির প্রধান সমন্বয়ক ও উদীচীর সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে গত ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টার এবং রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে আয়োজিত এ উৎসবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের একটি বাণী পাঠ করা হয়।
উৎসবের প্রথম দিনে ছিল বই প্রদর্শনী ও বিক্রির আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে আয়োজিত মেগা কনসার্ট। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনসার্টের সূচনা হয়। এরপর মঞ্চে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ।
তাদের পরিবেশনায় সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস ও আকর্ষণ। সব মিলিয়ে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
