ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনার ভিত্তিতে এই সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মহাকাশ গবেষণার তথ্য অনুযায়ী আগামী ১৭ মে রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই রাতে খালি চোখেই নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই হিসেবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি তা হয়, তবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফা দিবস পড়বে ২৬ মে মঙ্গলবার। তার পরের দিন ২৭ মে বুধবার সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, এই তারিখগুলো পুরোপুরি বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। বরাবরের মতোই জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশটির চাঁদ দেখা কমিটি ঈদের চূড়ান্ত ও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।
