ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে?
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জন্মের পর মুসলিম নবজাতককে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রথমেই তার কানে আজান দেওয়া হয়। শিশুর কানে আজান ও ইকামত দেওয়া মুস্তাহাব। এ ব্যাপারে বেশির ভাগ ওলামায়ে কেরাম একমত। রাসুল (সা.) নিজেও তার নাতি হাসান (রা.)-এর কানে আজান দিয়েছিলেন।
উবাইদুল্লাহ ইবনে আবু রাফি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা (রা.) যখন আলীর (রা.) ছেলে হাসানকে (রা.) প্রসব করলেন, তখন রাসুল (সা.) তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছিলেন। (আবু দাউদ, হাদিস, ৫১০৫)
আরেক হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেছেন, যার সন্তান হয়, সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। (শুআবুল ইমান, হাদিস, ৮৬১৯)।
ভিডিও কলে নবজাতকের কানে আজান দেওয়ার বিধান
হাদিসে নবজাতকের কানে আজান দেওয়ার যে বিষয়টি বর্ণিত হয়েছে, তা সরাসরি আজান দেওয়ার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। তাই সরাসরি আজান দেওয়া মুস্তাহাব। তাই কেউ ভিডিও কলের মাধ্যমে নবজাতকের কানে আজান দিলে সরাসরি আজান দেওয়ার সুন্নত আদায় হয়েছে বলে গণ্য হবে না। কারণ, নবজাতকের কানে সরাসরি আজান দেওয়াই মূল নিয়ম ও স্বাভাবিক পদ্ধতি। তাছাড়া নবজাতকের কানে যেভাবে আজান দেওয়ার নিয়ম তা সরাসরি দেওয়ার মাধ্যমেই সম্ভব; মোবাইলের মাধ্যমে নয়।
এ ক্ষেত্রে শিশুর পিতা, দাদা, কোনো মুরব্বি কিংবা নির্দিষ্ট কোনো আলেমের আজান দেওয়া আবশ্যক নয়; বরং যে কেউ শিশুর কানে সরাসরি আজান দিতে পারবেন। এমনকি প্রয়োজনে কোনো মহিলাও আজান দিতে পারবেন।
তবে বিশেষ পরিস্থিতিতে শিশুর কাছে উপস্থিত হয়ে আজান দেওয়া সম্ভব না হলে, ভিডিও কল বা মোবাইল ফোনের মাধ্যমে শিশুর কানে আজান দেওয়াতে শরিয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে প্রতীয়মান হয়। বিশেষত শিশুর পিতা বা অন্য কোনো নিকটাত্মীয় দূরে অবস্থান করলে ভিডিও কলের মাধ্যমে আজান দিতে পারেন। তবে এটিকে সরাসরি আজান দেওয়ার সমতুল্য বা বিশেষ ফজিলতপূর্ণ মনে করা যায় না।
তাই সম্ভব হলে শিশুর কাছে উপস্থিত থেকে সরাসরি আজান দেওয়াই উত্তম ও মূল পদ্ধতি। আর তা সম্ভব না হলে ভিডিও কলের মাধ্যমে আজান দেওয়াতে অসুবিধা নেই।
