ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
স্মৃতিগদ্য

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

মুনীরুল ইসলাম
২৬ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহ.। একজন খানকার পীর ও ময়দানের বীর। বাংলাদেশে যে ক’জন আলেমের তাজকিয়ায়ে নফস বা মানুষের আত্মশুদ্ধি গঠনের পাশাপাশি রাজনীতির অঙ্গনেও সরব পদচারণা ছিল, তাঁদের অন্যতম মাওলানা সৈয়দ ফজলুল করিম রহ.। ‘পীর সাহেব চরমোনাই’ নামেই তিনি বেশি পরিচিত। তিনি কতগুলো মিশন প্রতিষ্ঠা করে আজ মাওলা পাকের সান্নিধ্যে চলে গেছেন। তাঁর মিশনগুলোর মধ্যে রয়েছে— ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ প্রকাশনী, বাংলাদেশ মুজাহিদ কমিটি, চরমোনাই কওমি মাদরাসা, চরমোনাই আলিয়া মাদরাসা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ইত্যাদি। এই মিশনগুলো ইসলাম ও দেশ-জাতির কল্যাণে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে।

তাঁকে প্রথম দেখা : হজরত পীর সাহেব চরমোনাই রহ.-কে প্রথম দেখেছিলাম নব্বই দশকের গোড়ার দিকে। আমি তখন কুমিল্লা জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমে পড়ি। কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের উদ্যোগে প্রতি বছর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হয়। ২০২৬-এর ডিসেম্বরে এটার ৩৪তম সম্মেলন হয়ে গেল। এই সংগঠন ও সম্মেলনের সৃষ্টি আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা তখন খুব ছোট। মকতবের ছাত্র। কুমিল্লা বরুড়া মাদরাসার মুহতামিম মুফতি আবদুল ওয়াহহাব রহ. এটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কাসেমুল উলুম মাদরাসার তৎকালীন সদরুল মুদাররিসীন ও পরবর্তী সময়ের দেশের শীর্ষ আলেম আল্লামা আশরাফ আলী রহ. ছিলেন এটির আজীবন সেক্রেটারি জেনারেল। তিনি তখন সম্পূর্ণ কুমিল্লামুখী ছিলেন। হুজুর আমার বুখারির শায়খ। মিশকাতের এক বছর বাদে এই কাসেমুল উলুমেই আমি শুরু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছি। সম্মেলনের শুরুর দিকে তিনি নিজে সিনিয়র ছাত্র ভাইদের মাইকিং করা শিখিয়েছেন। শুরুটা কীভাবে করতে হবে, মেহমানদের নাম কীভাবে উচ্চারণ করতে হবে, স্থান-তারিখ কীভাবে বলতে হবে ইত্যাদি। পরবর্তী সময়ে আমরাও সম্মেলন বাস্তবায়নে অনেক দায়-দায়িত্ব পালন করেছি।

তখন খুব জাঁকজমকপূর্ণভাবে হতো এই সম্মেলন। দুইদিনব্যাপীও হতো কোনো কোনো বছর। সম্মেলনকে ঘিরে ছাত্রদের মাঝে ঈদের খুশি বিরাজ করত। তখনকার দেশ ও দেশের বাইরের শীর্ষ উলামায়ে কেরাম তাশরিফ আনতেন এই সম্মেলনে। আমাদের দেশের আল্লামা আজিজুল হক রহ., মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহ., খতিব মাওলানা উবায়দুল হক রহ., মুফতি ফজলুল হক আমিনী রহ. এবং দেশের বাইরের আল্লামা আসআদ মাদানী রহ., মাওলানা জিয়াউর রহমান ফারুকী রহ., মাওলানা আবদুল মাজিদ নাদিম রহ.-এর মতো প্রখ্যাত উলামায়ে কেরাম অতিথি হিসেবে তাশরিফ আনতেন। সম্ভবত এই সম্মেলনেই হজরত পীর সাহেব চরমোনাই রহ.-কে প্রথম দেখি। এরপর তাঁকে যতবারই দেখেছি, শুধু মুগ্ধই হয়েছি।

মুগ্ধতা ছড়িয়ে গেল বয়ানে : নব্বই দশকের মাঝামাঝি সময়ের কথা। কুমিল্লা টাউন হল ময়দানে পীর সাহেব হুজুরের মাহফিল ছিল। আয়োজনে ছিল শহর শাখা মুজাহিদ কমিটি। রাতে শহরের এক ভক্তের বাসায় অবস্থান করেন তিনি। পরের দিন ছিল শুক্রবার। শুক্রবার মানে জুমার নামাজ। হুজুর জুমার নামাজ পড়বেন সদর হাসপাতাল মসজিদে। সেখানে নামাজের আগে বয়ান করবেন তিনি। এই মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান সাহেব তখনকার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দায়িত্বশীল ছিলেন। মুজাহিদ কমিটির দায়িত্বও ছিল তাঁর ওপর। তিনি কাসেমুল উলুম মাদরাসার শিক্ষক এবং আমাদের একজন প্রিয় উস্তাদ ছিলেন। ছাত্রদের সঙ্গে খুবই মিশুক ছিলেন। ‘কুতুবখানার হুজুর’ নামে পরিচিত ছিলেন তিনি। আল্লাহ তায়ালা হুজুরকে তাঁর কাছে ডেকে নিয়ে গেছেন। রহমতুল্লাহি আলাইহি।

তো পীর সাহেব হুজুরের বয়ান শোনার জন্য আশপাশের ভক্ত-মুরিদরা ছুটে এলো সদর হাসপাতাল মসজিদে। আশপাশের মাদরাসার ছাত্ররাও এলো। হুজুর দৈনন্দিন জীবনের দরকারি মাসয়ালা নিয়ে বয়ান করলেন। সবাই তন্ময় হয়ে শুনলেন হুজুরের বয়ান। তিনি কালো হলেও তাঁর বয়ানে নুরানি শুভ্রতা ছড়িয়ে পড়ল মসজিদময়। সবার চোখেমুখে পরিতৃপ্তির আভা। সিনিয়র ছাত্রদের মধ্যে কানাঘোষা— ‘আমরা তো ভাবতাম, চরমোনাইর পীর সাহেব কবর-হাশর-জান্নাত-জাহান্নাম ছাড়া বয়ান জানেন না। আজ তো পুরাই ধারণা পাল্টে দিলেন। হুজুরের তো মাসয়ালা-মাসায়েল সম্পর্কেও ভালো জানাশোনা আছে।’ একটা অন্যরকম মুগ্ধতা নিয়ে ফিরল ছাত্র যুবক মুসল্লিরা।

'তুমি তো নেতা...' : আমাদের প্রিয় শিক্ষক মাওলানা আবদুর রহমান রহ., ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব, কামরুল হাসান খোকন ভাই এবং আবদুল কাদের ভাইয়েরা ছিলেন তখনকার কুমিল্লা শহরের শাসনতন্ত্র আন্দোলনের মুরব্বি। তারা আমাকে পীর সাহেব হুজুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ‘হুজুর, ও মুনীরুল ইসলাম। কাসেমুল উলুম মাদরাসার মেধাবী ছাত্র। ছাত্র আন্দোলনের দায়িত্বশীল।’

তখন হুজুর আমার টুপি খুলে মাথায় ফুঁ দিয়ে দোয়া করলেন। আর বললেন, দেখো বাবা, পড়াশোনার ক্ষতি করে এই কাজ করবা না। আগে ভালো পড়াশোনা এরপর আন্দোলন-সংগ্রাম। আমার তালিমি ও তাহরিকি [শিক্ষা ও রাজনীতি] মুরব্বি হজরত হাফেজ্জি হুজুর রহ. বলেছেন, ‘ভালো করে লেখাপড়া করাই হলো ছাত্রদের বড় রাজনীতি।’ এভাবে আরও কিছু নসিহত করলেন।

পীর সাহেব হুজুর কুমিল্লার কোনো প্রোগ্রামে গেলে আমি হুজুরের কাছাকাছি থাকতাম। কিছু খেদমত করার চেষ্টা করতাম। কিন্তু তিনি আমার থেকে কোনো খেদমত নিতেন না। নির্দিষ্ট সফরসঙ্গী খাদেমের মাধ্যমেই খেদমত নিতেন। হুজুর আমাকে একদিন রসিকতা-বাস্তবতার মাঝামাঝি সুরে বললেন— না না, তোমার খেদমত করা লাগবে না, তুমি তো নেতা, নেতার একটা সম্মান আছে না!

তখন আমার মনে এসেছিল! ‘হুজুর, আপনি তো হলেন আমাদের সবার নেতা, নেতাদেরও নেতা। তাই আপনার খেদমত তো আমরা করতেই পারি!...’ এই কথাগুলো আমার মনে এলেও মুখে এলো না, হুজুরকে বলার সাহস হলো না।

তখন উলামায়ে কেরামের নারী নেতৃত্ব গ্রহণ সম্পর্কে স্থানীয় মুরব্বিরা পীর সাহেব হুজুরের মন্তব্য জানতে চেয়েছিলেন। পাশেই ছিলাম আমি। হুজুর প্রায় দুই যুগ আগে এ ব্যাপারে যে আশঙ্কা করেছিলেন, আজ এর অনেকখানিই মিলে যাচ্ছে।

জিকির করছিল গাড়িটাও : তসবিহর দানার মতো ধারাবাহিক প্রোগ্রাম থাকত হুজুরের। খানকা ও রাজনীতি দুটিই পরিচালনার কারণে প্রোগ্রামের চাপ অন্যদের থেকে বেশিই থাকত। কবে কোথায় প্রোগ্রাম আগে থেকেই ঠিক করা থাকত। তিনি মাসে তিনদিন অবস্থান করতেন চরমোনাইর নিজ বাড়িতে। যতদূর জানি, বর্তমান পীর সাহেব হুজুরও পিতার ওই রুটিন মেনে চলছেন।

সন্ধ্যায় হুজুরের মাহফিল কুমিল্লার লাকসামে। আয়োজক কমিটির প্রধান সেখানকার সেলিম মাহমুদ সাহেব। আমরা তাকে ভাই বলেই ডাকি। অত্যন্ত মজার মানুষ। মানুষকে এখনই হাসাতে পারেন, এখনই কাঁদাতে পারেন। শহর থেকে দুটি গাড়ি যাবে। একটা হুজুরের আরেকটা হুজুরের মুরিদ আবদুল কাদের ভাই নিয়ে যাবেন। সিদ্ধান্ত হলো, হুজুরের গাড়িতে আমাকেও যেতে হবে। বিকালের দিকে আমরা রওনা হলাম লাকসামের দিকে। হুজুরের গাড়িতে আরও কয়েকজনের সঙ্গে আমিও উঠলাম। আবদুল কাদের ভাইয়ের গাড়িতে উঠলেন আরও কয়েকজন। আগে-পরে দুটি গাড়ি এগিয়ে চলল লাকসামের দিকে। খানিকটা পথ হুজুর কিছু দরকারি কথাবার্তা বললেন। এরপর শুরু করলেন জিকির। হুজুরের সঙ্গে আমরাও জিকির শুরু করলাম। উচ্চ আওয়াজে জিকির। তালে তালে জিকির। আমাদের সঙ্গে গাড়িটাও যেন জিকির করছিল। জিকির করতে করতে ঘুরছিল এর চাকাগুলো। চলছিল পিচঢালা আঁকাবাঁকা পথে। জিকিরে জিকিরে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। সেলিম ভাইয়ের বাসায়। আমলে-সওয়াবে কাটল পুরো রাস্তা। পুরো সময়। হুজুরের সোনাঝরা কথা ও জিকিরের কারণে দুনিয়ার অন্য সবই ভুলে ছিলাম আমরা। গুনাহ থেকে ছিলাম মুক্ত।

যতদূর মনে পড়ে, সেলিম ভাইয়ের বাসা এবং তার প্রতিষ্ঠিত আমেনা মেডিকেল সেন্টারের মাঝামাঝি একটা জায়গায় অনুষ্ঠিত হয়েছিল এই মাহফিল। মাহফিলে হুজুর চেনা সুরে-ঢঙে এবং পরিচিত বিষয়ে ওয়াজ করলেন। কবর-হাশর, জান্নাত-জাহান্নামের কথা বললেন। মানুষের ভেতরের অনুশোচনাগুলো ঝরে পড়ল কান্না হয়ে। বিগলিত হলো তাদের হৃদয়-মন। দীন-ইসলাম ও আল্লাহ-রাসুলের ভালোবাসা বেড়ে গেল তাদের মন ও মননে। অন্ধকার রাতের প্রচণ্ড ঝড়ের পর যেমন একটা শুভ্র-শান্ত সকালের উদয় হয়, তেমনই মনে হলো মাহফিল ভাঙার পরের দৃশ্য ও পরিবেশটা। একটা প্রশান্ত মন নিয়ে মাহফিল থেকে বাড়ি ফিরল মুসল্লিরা।

মাহফিলের আগে-পরে সেলিম ভাইয়ের বাসার মেহমানদারির কথা এখনো মনে পড়ে। নানান পদের সুস্বাদু খাবারে রাতের মেহমানদারি করেছিলেন সেদিন। আমাদের সবার জন্য তো ছিলই, হুজুর নিজের পাত থেকেও তুলে তুলে আমাদের পাতে পাতে দিচ্ছিলেন। আল্লাহ তায়ালা সেলিম ভাইয়ের হায়াতে বরকত দান করুন। তার মাধ্যমে দীনের আরও বেশি কাজ নিন।

থেমে গেল বৃষ্টি : নব্বই দশকজুড়ে রাজধানীর পল্টন ময়দানে এবং সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে প্রচুর সভা-সমাবেশ হতো। বিভিন্ন ইস্যুতে হতো ওই সমাবেশগুলো। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা, এনজিওদের অপতৎপরতা বন্ধ, নাস্তিক-মুরতাদদের শাস্তি ইত্যাদি দাবিতে হতো ওই সভা-সমাবেশগুলো। আমরা বাস রিজার্ভ করে কুমিল্লা থেকে আসতাম সমাবেশগুলোতে। আমাদের নেতৃত্ব দিতেন শিক্ষক ও সিনিয়র ছাত্র ভাইয়েরা। শেষের দিকে আমরাও নেতৃত্ব দিতাম। এখন আর ওই স্থানগুলোতে সভা-সমাবেশ করার পরিবেশ নেই। পল্টন ময়দানে স্থাপনা গড়ে উঠেছে। মানিক মিয়া এভিনিউর মাঝখানে তৈরি হয়েছে আইল্যান্ড। শুধু কি তাই! এরমধ্যে রাজধানীসহ দেশের অনেক মাঠ-ময়দানই বিভিন্ন প্রাসাদ ও স্থাপনার পেটে চলে গেছে এবং যাচ্ছে। শিশু-কিশোরদের খেলার মাঠও আর অবশিষ্ট থাকছে না। তাছাড়া দেশের দৃশ্যপটও এখন পাল্টে গেছে।

থাক সে কথা। তো নব্বইয়ের শেষের দিকে মানিক মিয়া এভিনিউর একটি সমাবেশে এলাম আমরা। সমাবেশ প্রায় শেষের দিকে। দেশের শীর্ষ তিনজন আলেম বক্তব্য দেওয়ার বাকি। এরমধ্যে শুরু হলো মাঝারি বৃষ্টি। শ্রোতারা যে যার মতো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করল। কেউ কেউ আশ্রয় নিল আশপাশের ভবনের নিচে, কেউ কেউ গাছের নিচে। আর বেশিরভাগই থেকে গেল ময়দানে। কারণ, সংসদ ভবনের আশেপাশে আশ্রয় নেওয়ার মতো এত প্রাসাদও নেই। লাখো মানুষের জমায়েত আর যাবে কোথায়?

বৃষ্টির মধ্যদিয়েই সমাবেশের কার্যক্রম চলল। চারদিকে প্রচুর মাইক লাগানো আছে। আওয়াজে কোনো সমস্যা নেই। শীর্ষ তিন আলেমের একজনের নাম ঘোষণা করা হলো। তিনি বৃষ্টির মধ্যেই জোরালো বক্তব্য দিলেন। তাকবিরের ধ্বনিতে মুখরিত হলো চারদিক। তিনি শেষ করলে ঘোষণা করা হলো হজরত পীর সাহের চরমোনাইর নাম। যেই তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ‘নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুলিহিল কারিম’ পড়লেন, অমনি বৃষ্টি বন্ধ হয়ে গেল। ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে আশপাশ থেকে শ্রোতারা ময়দানে এসে জড়ো হলো। অনেকে বলাবলি করতে লাগল, ‘এটা হুজুরের কারামত। আজ আরও স্পষ্ট হলো, তিনি আল্লাহ তায়ালার একজন প্রিয় বান্দা।’ তিনি বক্তব্য শেষ করতেই আবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যদিয়েই শেষ বক্তা বক্তব্য দিলেন। ভেঙে গেল সমাবেশ। তবে কারো বক্তব্যের সময় বৃষ্টি পড়া আল্লাহর অপ্রিয় হওয়ার লক্ষণ নয়। বৃষ্টিটা রহমতও হতে পারে।

এখন হারিয়ে খুঁজি : ২০০৩ সালে মাসিক আদর্শ নারী ও মাদরাসা খাতুনে জান্নাতে চাকরি নিয়ে ঢাকায় চলে আসি। বিভিন্ন মাহফিল-সম্মেলনে অনেক দেখেছি হুজুরকে। কিন্তু আগের দেখার অনুভূতিটা ছিল অন্যরকম আকর্ষণের। তাঁর কালো শরীরে ছিল একটা নুরানি ঝিলিক। কঠিন-পাষাণ হৃদয়ও মোমের মতো গলে যেত তাঁর দরদমাখা ওয়াজে। তাঁর ওয়াজ শুনে লাখো পথভোলা পেয়েছে পথের দিশা। লাখো আল্লাহভোলা ফিরে এসেছে আল্লাহর দিকে। আঁধার থেকে আলোর পথে এসেছে অগণিত যুবক। নিজের জীবনকে সাজিয়ে নিয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত-আদর্শে।

আজ তিনি আমাদের মাঝে নেই। মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তাঁর সান্নিধ্যে। ২০০৬ সালের ২৫ নভেম্বর এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তিনি। আজ বিশ বছর হলো তিনি নেই। তাঁর সমসাময়িক উলামায়ে কেরামও চলে গেছেন তাঁর আগে-পরে। বলতে গেল নেতৃত্বের ময়দান এখন পুরোই ফাঁকা। আমরা তাঁদের স্থলাভিষিক্ত হওয়ার মতো তেমন কাউকে দেখছি না। তবে আল্লাহ তায়ালা কারো না কারো মাধ্যমে তাঁর দীনের হেফাজত ও প্রসার অবশ্যই করবেন।

পরিশেষে পীর সাহেব হুজুরকে নিয়ে লেখা আমার একটি কবিতা দিয়ে লেখাটি শেষ করছি—

হননি কারো পাপোশ

আল্লাহ তা’লার ওলি ছিলেন চরমোনাইয়ের পীর

খানকা-রাতের কান্না তিনি ময়দানেরই বীর।

ছিলেন তিনি লাখো মুমিন-বিশ্বাসীদের আপন

পৃথিবীতে করে গেছেন সরল জীবন যাপন।

কবর-হাশর-আজাব নিয়ে ছিল বেশি ওয়াজ

তাঁর বয়ানে ছিল না তো কারো প্রতি তোয়াজ।

বয়ান শুনে বদলে যেত হাজার তরুণ-যুবক

জুব্বা-টুপি পরে নিত তরিকতের সবক।

দীন-বিরোধী দেশ-বিরোধী দিলেই মাথাচাড়া

আন্দোলনের আহ্বানে হতেন পাগলপারা।

লাখো মুরিদ-ভক্তজনে বাসত অনেক ভালো

আন্দোলনের ডাকে এসে জ্বালত পথে আলো।

স্বাধীনতা আন্দোলনে সরব ছিলেন খাঁটি

চরমোনাইয়ের মাদরাসাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি।

নীতির কাছে তাঁর কখনো ছিল না তো আপোস

দীনের বিষয় ক্ষুণ্ন করে হননি কারো পাপোশ।

অগণিত পথভোলাদের পথ দেখালেন তিনি

সত্যিকারই তাঁহার কাছে এদেশবাসী ঋণী।

কালো শরীর জুড়ে ছিল অন্যরকম নুর

পরপারের জীবনটা হোক রহমতে ভরপুর।

লেখক : পরিচালক, সম্পাদনা কেন্দ্র; সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায় দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের উদ্দেশে

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আবেগ, উচ্ছ্বাস ও অনুভূতি নিয়ে শুরু হওয়া জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদের ৩ দিনের ৭০

দ্বীনি শিক্ষা বিকাশে ফরিদাবাদ জামিয়ার অবদান 

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সঙ্গে আমার গভীর হৃদত্য ও সম্মানজনক

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

রাজধানীর ধুপখোলা মাঠে  ২৩, ২৪, ২৫ নভেম্বর, ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

 এ বছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী