অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা: স্ব-স্ব এলাকায় আনন্দের বন্যা

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:১৭ | অনলাইন সংস্করণ

  জ. ই. বুলবুল :

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান

পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন—

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ পদোন্নতি ও পদমর্যাদা প্রদান বাহিনীর নেতৃত্ব কাঠামোকে আরও শক্তিশালী করবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত রত্ন গর্ভা পরিবারের মো. মনিরুজ্জামান এর খবরে আনন্দের বন্যা বয়ে আনে, ফেইসবুক ও বিভিন্ন গণমাধ্যমে সরব হয়ে উঠে। 

ডেল্টা টাইমস/সিআর/এমই