ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৮:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বিনোদন অঙ্গনের বড় বড় সব তারকাদের। তাদের সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেবও।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দেখা গেছে সঞ্জয়কে। বিপিএলের ১১তম আসরে সিলেটে পারফর্ম করেছিলেন তিনি। এবার ফুটবল বিশ্বকাপের মতো বড় মঞ্চে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিজেকে।
কানাডার টরন্টোতে আগামী ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচের আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ডিজে সঞ্জয়। এ দিন সঞ্জয়ের সঙ্গে আরও পারফর্ম করবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া কারা।
বিশ্বকাপের মূল পর্দা উঠবে ১১ জুন মেক্সিকো সিটিতে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখানে পারফর্ম করবেন মেক্সিকান পপ ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা। পরদিন ১২ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে মঞ্চে দেখা যাবে বিশ্বখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং মার্কিন র্যাপার ফিউচারকে।
আমার বার্তা/এমই
