বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তার আগে আজ (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে দল, যা বিশ্বমঞ্চে কাজে দেবে জানালেন অধিনায়ক। আগামী ৩০ মে থেকে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে এই সিরিজ খেলবে বাংলাদেশ।

মিরপুরে আজ জ্যোতি বলেন, ‘আমরা যেহেতু ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য স্কটল্যান্ডে যাব। বিশ্বকাপের আগে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ যে আমাদের দলটা আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলবে। বিশ্বকাপের মতো মঞ্চে যদি আমরা সম্মিলিতভাবে ক্রিকেটটা খেলতে পারি, অবশ্যই আগের অনেক বিশ্বকাপের চেয়ে ভালো ফলাফল পাবো।’

পেসার মারুফা আক্তারকে নিয়ে অধিনায়ক বলেন, ‘মারুফার কথা যদি বলি সে ধারাবাহিকভাবে দলের জন্য অনেক ভালো করে আসছে, পারফর্ম করছে এবং বলব যে তৃষ্ণাও কিন্তু যে নিজেকে প্রমাণ করেছে। গত সিরিজে ওর পারফরম্যান্স দেখেছি এবং কোয়ালিফাইয়ে দুয়েকটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে।’

দল নিয়ে আশাবাদী জ্যোতি, ‘সবকিছু বিবেচনায় রেখে আসলে দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা ওভাবেই চিন্তা করে দল দিয়েছেন। আমি যেটা মনে করি যে যথেষ্ট ব্যাটার আছে দলে, বোলিং আক্রমণও অনেক ভালো আছে। এখন হচ্ছে আসলে আমাদের ভালো খেলার পালা।’


আমার বার্তা/এমই