ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। দুই ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন শীর্ষে। তার নেতৃত্বেই ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে নরওয়ে। কিন্তু এমন অবস্থায়ও আত্মবিশ্বাসে ভেসে যাচ্ছেন না আরলিং হালান্ড বরং ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাস্তববাদী মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি।

সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করার পর হালান্ডকে জিজ্ঞেস করা হয়েছিল, গ্রুপ সেরার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি নিয়ে তিনি কতটা ভাবছেন। জবাবে নরওয়েজিয়ান তারকা অকপটে বলেন, ‘আমরা তো ইতোমধ্যে পরের রাউন্ডে উঠেছি। তবে এই ম্যাচে সম্ভবত ওরাই (ফ্রান্স) আমাদের হারাবে, আর পুরো টুর্নামেন্টও জিতবে।’

হালান্ডের এমন মন্তব্য অনেককেই অবাক করেছে। কারণ নরওয়ে এখন টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচ জিতেছে এবং বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। তবু তিনি মনে করেন, নিজেদের সামর্থ্য নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার সুযোগ নেই।

২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের মতে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসে নকআউট পর্ব নিশ্চিত করাটাই নরওয়ের জন্য বিশাল অর্জন। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝতে হবে। তিনি বলেন, ‘জাতীয় দলের জন্য খেলাটা আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। আমরা প্রতিনিয়ত ইতিহাস গড়ছি এবং নরওয়েজিয়ান হতে আমি গর্বিত।’

এবারের বিশ্বকাপে হালান্ডের গোলসংখ্যা চার। একই সংখ্যক গোল আছে কিলিয়ান এম্বাপের। তবে সবার ওপরে পাঁচ গোল নিয়ে আছেন লিওনেল মেসি। ফলে ফ্রান্স-নরওয়ে ম্যাচটি শুধু গ্রুপ সেরার লড়াই নয়, গোল্ডেন বুটের দৌড়েও নতুন মাত্রা যোগ করবে।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হালান্ড। তার চোখে বর্তমান ফ্রান্সই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। আর সেই কারণেই ম্যাচের আগেই প্রতিপক্ষকে ফেবারিট ঘোষণা করেন নরওয়ের গোলমেশিন।

বিশ্বকাপের মঞ্চে অনেক তারকাই বড় বড় কথা বলেন। হালান্ড সেখানে উল্টো পথ বেছে নিয়েছেন—প্রশংসা করছেন প্রতিপক্ষকে, কমিয়ে দিচ্ছেন প্রত্যাশার চাপ। কিন্তু ফুটবলের ইতিহাস বলে, অনেক সময় এমন বিনয়ী কথার আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় চমক। তাই বোস্টনে ফ্রান্স-নরওয়ে লড়াইয়ে হালান্ডের পা কি কথা বলবে, নাকি সত্যিই এমবাপ্পেদের কাছে মাথা নত করবে নরওয়ে—সেটাই এখন দেখার অপেক্ষা।


আমার বার্তা/এমই