অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৩:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। যেখানে নাজমুল হোসেন শান্ত’র দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও, কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ। বেশ কয়েকজন ক্রিকেটারের চোট এর অন্যতম কারণ। চোটের কারণে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন নাহিদ রানা।
তরুণ এই গতিতারকাকে অস্ট্রেলিয়া সিরিজে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই বটে। স্কোয়াড ঘোষণার আগে থেকেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় ছিলেন নাহিদ রানা। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানায়, ২৩ বছর বয়সী এই পেসারের ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন-লেন্থ দিয়ে সবার নজর কেড়েছিলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলা অনিশ্চিত ছিল। এবার অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। রানার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে। যা সেরে উঠতে সময় লাগবে মাস খানেকের বেশি।
এদিকে লিটন দাসের ইনজুরি থাকলেও স্ক্যান রিপোর্টে শঙ্কার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়া সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টাইগাররা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে।
