বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বড় টুর্নামেন্ট আর বাংলাদেশ নারী দলের ব্যর্থতার চিত্র যেন চিরায়ত হয়ে দাঁড়িয়েছে। অবশ্য দ্বিপাক্ষিক সিরিজেও যে আহামরি পারফর্ম করছে তেমনও নয়। সবশেষ এশিয়া কাপ এবং এশিয়ান গেমস ক্রিকেটের প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল জ্যোতি-সোবহানাদের ব্যাটিং। ফলে যাত্রাপথেই নারী দলের কোচিং স্টাফে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।
হতাশার দুই টুর্নামেন্ট শেষেই নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছে ডেভিড হেম্পের কাঁধে। দুই বছরের চুক্তিতে নতুন করে হেম্পকে নারী দলের প্রধান কোচ করল বিসিবি।
আজ (বৃৃহস্পতিবার) ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ পুরুষ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকা এই কোচের। হেম্প থাইল্যান্ড পর্যন্ত এসেছিলেনও। তবে ভ্রমণ বিড়ম্বনার কারণে আবারও ফিরে যাচ্ছেন। ফলে ৩ অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে তিনি যোগ দেবেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
জ্যোতির দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক নারী দলের বিপক্ষে। যদিও উদ্ভুত পরিস্থিতিতে ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ নতুন কোচ হেম্পকে আগেভাগে পাচ্ছে না। এর আগে তার বিসিবির এইচপি, জাতীয় দল এবং নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
